সৌরশক্তিতে চার্জ হবে শাওমি ফোন

৫ আগষ্ট, ২০১৯ ০০:০৫  
আগামীতে শাওমি ফোন ব্যবহার করতে আপনাকে আর পাওয়ার ব্যাংক কিংবা চার্জার সঙ্গে নিয়ে ঘুরতে হবে না। প্রয়োজনীয় মুহুর্তে সৌরশক্তির মাধ্যমেই চার্জ হবে ফোন। ঠিক এমনই প্রযুক্তির প্যাটেন্ট পেয়েছে চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। খবর ফোনএরিনা। ২০১৮ সালের ২৭ জুলাই শাওমি ওয়ার্ল্ড ইন্টেলেকচ্যুয়াল প্রোপার্টি অফিস (উইপো)-তে একটি প্যাটেন্টের আবেদন করে এবং গত শুক্রবার ঐ প্যাটেন্ট প্রকাশ করেছে উইপো। প্রকাশিত প্যাটেন্ট থেকে দেখা যাচ্ছে, স্মার্টফোনের পিছনেই ইন্টিগ্রেটেড সোলার প্যানেল রয়েছে। ফোনটির সামনে পুরোটা জুড়েই রয়েছে স্ক্রিণ। এমনকি সেলফি ক্যামেরার জন্য নির্ধারিত জায়গাও দেখা যাচ্ছে না। ফলে ধারণা করা হচ্ছে এতে আন্ডারি-ডিসপ্লে সেলফি স্ন্যাপার থাকতে পারে। গত জুনে শাওমির প্রকাশিত একটি ভিডিওতে এমন প্রযুক্তি নিয়ে কাজ করছে সেটি দেখা যায়। সেখানে ফোনের ডিসপ্লের নিচের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখা যায়। প্যাটেন্ট আবেদন গৃহীত হলেও ঠিক কবে নাগাদ নতুন এই প্রযুক্তির ফোন বাজারে আসবে সেটি সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। ডিবিটেক/বিএমটি